কুমিল্লায় মাদকের টাকা না পেয়ে নিজের মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত এক ছেলের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৬ মে) সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রেহানা বেগমের ছেলে রামিম ইসলাম বাবু (২৭) ওই এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে নগরীর টমছমব্রীজ এলাকা থেকে তাকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত বাবু দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য মায়ের ওপর নির্যাতন চালিয়ে আসছিল। সোমবার রাতেও একই কারণে তিনি মাকে মারধর করেন।
মঙ্গলবার সকালে আবারও টাকার দাবি করলে রেহানা বেগম তা দিতে অপারগতা প্রকাশ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে বাবু ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় রেহানা বেগমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী মাওলানা তাজুল ইসলাম বলেন, বাবুর অত্যাচারে তার মা দীর্ঘদিন ধরেই অতিষ্ঠ ছিলেন। এই নৃশংস ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। তারা ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, অভিযুক্ত রামিম ইসলাম বাবুকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



