চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত সাড়ে তিন বছর বয়সী শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে বুধবার (১৭ জুন)।
মঙ্গলবার (১৬ জুন) সকালে চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমার আদালতে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করা হয়। এ সময় আসামি মনির হোসেন (৩০) আদালতে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালের পিপি মাহমুদ উল আলম চৌধুরী মারুফ জানান, মঙ্গলবার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।
এরপর আদালত আগামী বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন। ফলে বহুল আলোচিত এ মামলার চূড়ান্ত পরিণতির দিকে তাকিয়ে আছে চট্টগ্রামবাসী।
আদালত সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম শুরু হয়।
মাত্র তিন কার্যদিবসের মধ্যে আদালত ১৮ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ সম্পন্ন করেন। দ্রুততম সময়ের মধ্যে বিচারিক কার্যক্রম সম্পন্ন হওয়ায় মামলাটি ব্যাপকভাবে আলোচনায় আসে।
মামলার নথি অনুযায়ী, গত ২১ মে বিকেলে চট্টগ্রাম নগরীর বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী মনির হোসেনের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করে পুলিশ।
তবে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ স্থানীয়দের বাধার মুখে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে অভিযুক্তকে নিজেদের জিম্মায় নিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
এ সময় সংঘর্ষ চলাকালে পুলিশের একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকসহ অন্তত অর্ধশত মানুষ আহত হন। ঘটনাটি শুধু বাকলিয়াই নয়, পুরো চট্টগ্রামে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরবর্তীতে ঘটনার রাতেই ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন।
মামলার পরপরই তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হয়। অবশেষে যুক্তিতর্ক পর্ব শেষ হওয়ার পর বুধবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে আদালত।
এখন সবার দৃষ্টি চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দিকে। বুধবার ঘোষিত হতে যাওয়া এ রায়ের মাধ্যমে আলোচিত মামলাটির বিচারিক অধ্যায়ের গুরুত্বপূর্ণ এক পরিণতি সামনে আসতে যাচ্ছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

