রোববারের অলস দুপুরে আচমকাই ছন্দপতন সামাজিক যোগাযোগমাধ্যমের চিরচেনা জগতে। হঠাৎ করেই থমকে গেছে ফেসবুকের নিউজফিড, ল্যাপটপ কিংবা ডেস্কটপের মনিটরে ভেসে উঠছে যান্ত্রিক ত্রুটির বার্তা।
আজ রোববার দুপুর থেকে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীদের একটি বড় অংশ এমন অনাকাঙ্ক্ষিত ভোগান্তির মুখোমুখি হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আজ দুপুর থেকেই মূলত কম্পিউটার বা ল্যাপটপে ফেসবুক ব্যবহার করতে গিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নেটিজেনরা।
ব্রাউজার খুলে ফেসবুকে লগইন করা, নিউজফিড স্ক্রল করা কিংবা গুরুত্বপূর্ণ বিভিন্ন ফিচার ব্যবহার করতে গেলেই সাইটটি থমকে যাচ্ছে।
তবে ডেস্কটপ সংস্করণে এই বিভ্রাট চরমে পৌঁছালেও, মোবাইল অ্যাপে ফেসবুক ব্যবহারে জটিলতা তুলনামূলকভাবে অনেকটাই কম দেখা গেছে।
সাজিয়া ইয়াসমি নামে এক ফেসবুক ব্যবহারকারী জানালেন, আজ বেলা আড়াইটার দিকে অফিসের ডেস্কটপ থেকে ফেসবুকে ঢুকতে গিয়েছিলাম।
কিন্তু স্ক্রিনে বারবার বার্তা আসছিল, অ্যাকাউন্ট টেম্পোরারি আনএভেইলেবেল। অর্থাৎ সাইটের নিজস্ব সমস্যার কারণেই সাময়িকভাবে অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে না।
অবশ্য ফেসবুকের সেই যান্ত্রিক বার্তায় আশ্বস্ত করে বলা হচ্ছে, খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে।
ডাউনডিটেক্টরে অভিযোগের পাহাড় বিশ্বজুড়ে বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইটের বিভ্রাট পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সেবা ‘ডাউনডিটেক্টর’-এর গ্রাফেও আজ দুপুরের পর থেকে ফেসবুক নিয়ে অভিযোগের পারদ দ্রুত ওপরের দিকে উঠতে দেখা গেছে।
ব্যবহারকারীদের অধিকাংশেরই অভিন্ন দাবি-ফেসবুকের ওয়েব সংস্করণ যেন প্রায় অচল হয়ে পড়েছে। কোনো কোনো ক্ষেত্রে পেজ লোড হতে দীর্ঘ সময় নিচ্ছে, আবার কোথাও সরাসরি লগইন পেজেই আটকে থাকছেন ব্যবহারকারীরা।
মেটার নীরবতা ও পুরোনো আতঙ্ক এদিকে দেশের বিভিন্ন প্রান্তের প্রযুক্তিপ্রেমীরা মোবাইল থেকে সচল থাকা সোশ্যাল মিডিয়া ওয়ালে ডেস্কটপ সংস্করণের এই অচলাবস্থা নিয়ে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করছেন।
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা’র পক্ষ থেকে এই আকস্মিক বিভ্রাটের কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা বিবৃতি পাওয়া যায়নি।
উল্লেখ্য, ঠিক এক মাস আগেও গত মাসের ১২ তারিখে বিশ্বজুড়ে এক বড়সড় ফেসবুক বিভ্রাটের সাক্ষী হয়েছিলেন ব্যবহারকারীরা।
ওইদিন সন্ধ্যা থেকে হঠাৎ করেই নিউজফিড আপডেট না হওয়া, মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়েন বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি মানুষ।
পরবর্তীতে অবশ্য সেদিন রাত সাড়ে আটটার কিছু আগে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
আজ রোববারের এই সাময়িক ধাক্কা কাটিয়ে ফেসবুক কখন সম্পূর্ণ স্বাভাবিক রূপে ডেস্কটপে ফিরবে, এখন তারই অপেক্ষায় কোটি ব্যবহারকারী।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

