হাজারীগলির অন্তরালে চোরাই স্বর্ণের কারবার: পুলিশের অভিযানে ধরা ৩ কারবারি!

প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২৬ ১৫:০৬

চোরাই স্বর্ণ বিক্রির চক্রের জাল ছড়িয়ে পড়েছিল নগরের অলি-গলি আর শো-রুমে। কিন্তু পুলিশের সুনির্দিষ্ট জালে ধরা পড়তেই থলিয়া থেকে বেরিয়ে এলো চোরাই চালানের পাহাড়সম অর্থ ও পরিমাপের সুক্ষ সরঞ্জাম।

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা-পুলিশের এক ঝটিকা অভিযানে উদ্ধার করা হয়েছে চোরাই স্বর্ণ বিক্রির নগদ ১৪ লাখ ৮৮ হাজার ৮০০ টাকা। একই সাথে জব্ধ করা হয়েছে স্বর্ণের সুনির্দিষ্ট ওজন মাপার আধুনিক ডিজিটাল নিক্তি।

এই ঘটনায় জড়িত থাকার অপরাধে দুর্ধর্ষ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন-চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকার বাসিন্দা সেতু দাস ওরফে সালাউদ্দিন (৪৩), কুমিল্লার দাউদকান্দির মোহাম্মদ আলী (৪৩) এবং মুরাদনগরের দেবব্রত বণিক ওরফে বলাই বণিক (৩৭)।

এদের মধ্যে দেবব্রত বণিক চতুরতার সঙ্গে নগরীর হাজারীগলির একটি বহুতল ভবনের চতুর্থ তলায় বাসা ভাড়া নিয়ে এই অবৈধ কারবারের নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আকবরশাহ থানার কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, আকবরশাহ থানায় রুজুকৃত দণ্ডবিধির ৪৫৪ ও ৩৮০ ধারায় দায়ের করা নিয়মিত মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর পুলিশি নিরাপত্তায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ অর্থ মূলত চোরাই সোনা বেচাকেনার মাধ্যমে অর্জিত হয়েছে।

এই চক্রটির মূল হোতা কারা, চোরাই সোনাগুলো কোথা থেকে সংগ্রহ করা হতো এবং এর নেপথ্যে কোনো বড় সিন্ডিকেট কাজ করছে কিনা-তা খতিয়ে দেখতে জোর তদন্ত চালানো হচ্ছে।

এই ঘটনার গভীরে গিয়ে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে পুলিশ নিশ্চিত করেছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি