পরীক্ষা দেওয়া আর হলো না নাফিসার,ক্রেনের ধাক্কায় ঝরলো স্বপ্ন ও জীবন

পতেঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১৫:১০

অ্যাডমিট কার্ড, কলম আর একবুক স্বপ্ন সঙ্গে নিয়ে সকাল সকাল বাসা থেকে বের হয়েছিলেন নাফিসা নাওয়াল (১৮)।

লক্ষ্য ছিল পরীক্ষার হলে বসে নিজের সেরাটা দেওয়ার। কিন্তু কে জানত, পতেঙ্গার পিচঢালা সড়কটিই তার জীবনের শেষ গন্তব্য হয়ে উঠবে!

পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো আর হলো না তার, পতেঙ্গায় এক ঘাতক ক্রেনের নির্মম আঘাতে নিভে গেল এই তরুণীর সব স্বপ্ন।

শনিবার (২২ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশের সড়কে ঘটে এই হৃদয়বিদারক দুর্ঘটনা।

নিহত নাফিসা নাওয়াল সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলীর বাড়ির বাসিন্দা মামুন মিয়া ও মুক্তা দম্পতির সন্তান।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে পতেঙ্গার সড়ক দিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন নাফিসা। পথিমধ্যে নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে একটি দ্রুতগতির ক্রেনের সাথে তীব্র ধাক্কা লাগলে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আঘাত পান।

উপস্থিত লোকজনের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আনয়নকারী ইন্টার্ন চিকিৎসক মারিয়া জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকা অবস্থায় নাফিসাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তাকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মুহূর্তেই চমেক হাসপাতালের বাতাসে ছড়িয়ে পড়ে স্বজনদের আহাজারি।

একটি মেধাবী জীবনের এমন করুণ সমাপ্তিতে পতেঙ্গা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তাহীন সড়কে আর কত স্বপ্ন এভাবে পিষে যাবে-এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি