এক বুক স্বপ্ন নিয়ে পরীক্ষার কেন্দ্রের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছিলেন নাফিসা নাওয়াল (১৯)। চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর এই মেধাবী ছাত্রী ২০২৬ সালের চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
কিন্তু সড়কের নির্মম পরিণতি তাঁর সব স্বপ্ন ধূলিসাৎ করে দিল।
ঘটনাটি ঘটে গতকাল সকাল আনুমানিক পৌণে ৯টায়। নাফিসা তাঁর ভাড়া বাসা থেকে হাজী মোহাম্মদ মহসীন কলেজ কেন্দ্রের উদ্দেশ্যে একটি ‘পাঠাও’ মোটরসাইকেলে (নং-চট্ট মেট্রো-হ-২১-৬৫৬৪) রওনা হন।
ইপিজেড থানাধীন এয়ারপোর্ট টু সল্টগোলা ক্রসিং সড়কের পশ্চিম লেন হয়ে বন্দরটিলা নেভি হাসপাতাল গেটের বিপরীতে পৌঁছালে ঘটে বিপত্তি।
সেখানে বিপরীত দিক থেকে আসা একটি প্যাডেলচালিত ভ্যান গাড়িকে সাইড দিতে গিয়ে হঠাৎ মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন নাফিসা।
ঠিক সেই মুহূর্তেই একই লেনে পেছন থেকে দ্রুত ও বেপরোয়া গতিতে ধেয়ে আসে ম্যাক্স কোম্পানির একটি ক্রেন (রেজিস্ট্রেশন নং-ACM ৯৪৯)। ক্রেনটি রাস্তায় পড়ে থাকা নাফিসাকে নির্মমভাবে চাপা দিলে তিনি মারাত্মক রক্তাক্ত ও গুরুতর জখম হন।
দুর্ঘটনাস্থল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তার মারিয়াসহ উপস্থিত পথচারীরা দ্রুত নাফিসাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। একটি তাজা প্রাণের এমন করুণ বিদায় মুহূর্তেই পুরো এলাকা ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে আনে।
এই মর্মান্তিক ঘটনার পর নিহত নাফিসার পিতা মামুন (৪৬) বাদী হয়ে ইপিজেড থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮/১০৫ ধারায় একটি মামলা (মামলা নং-১০) রুজু করা হয়।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) হেফাজ উদ্দিনের সমন্বয়ে পুলিশি অভিযান শুরু হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার পরদিন রবিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ইপিজেড থানাধীন ফ্রি পোর্ট এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ঘাতক ক্রেন চালককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতার চালকের নাম শামীম বিশ্বাস (৩১)। তিনি মাগুরা জেলার শ্রীপুর বরিশাট ৯ নং ওয়াডস্থ বেপারী পাড়ার বাসিন্দা মো. টিপু সুলতান ও ছালেহা বেগমের ছেলে। শামীম চট্টগ্রামের ম্যাক্স কোম্পানির ক্রেন চালক হিসেবে কর্মরত থাকার সুবাধে নগরীর কোতোয়ালী থানাধীন ওয়াসা জামায়াতুল ফালাহ মসজিদ সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান (বিপিএম) জানান, ঘটনার পরপরই টিম ইপিজেডের তাৎক্ষনিক ভূমিকায় অভিযুক্তকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি।
গ্রেফতার আসামী শামীম বিশ্বাসকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান ওসি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

