গুঁড়িয়ে দেওয়ার পরও সচল জুয়ার আস্তানা: ইপিজেড পুলিশের অভিযানে নগদ টাকাসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫৭

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকার একটি গোপন জুয়ার আস্তানা থেকে নগদ টাকাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ হালিশহর আকবর আলী খালপাড় সিডিএ বালুর মাঠ সংলগ্ন আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-মো. সাদ্দাম (৩৫), বাসু দে (৩৫), আব্দুল মজিদ (৪০), আরিফ (২৮), মো. আনোয়ার হোসেন (৪৬) ও সাইদ হোসেন শাকিল (২৬)।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ঘটনাস্থল থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ১৫ প্যাকেট তাস এবং নগদ ৩৩ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসরে থাকা আরও কয়েকজন দ্রুত সটকে পড়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, স্থানীয় জুয়াড়ি ওসমান গণি বাঁশ ও ত্রিপল দিয়ে অস্থায়ী একটি ঘর বানিয়ে সেখানে নিয়মিত জুয়ার আসর বসাতেন।

এর আগেও আকবর আলী পকেট গেইট খালপাড় এলাকার একটি জুয়ার আস্তানা সিটি করপোরেশন ও পুলিশের যৌথ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।

কিন্তু সেই উচ্ছেদের পরও চক্রটি দমে যায়নি, একই এলাকায় নতুন স্থানে আবারও এই অপকর্ম শুরু করে তারা।

অভিযানের পর গ্রেপ্তার ছয়জন, মূল উদ্যোক্তা পলাতক ওসমান গণি এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি