ইপিজেডে ৮ মামলার আসামি কুখ্যাত চাঁদাবাজ রকিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩৭

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের ৮টি মামলার পলাতক আসামী ও চিহ্নিত চাঁদাবাজ মো. রকিব হোসেন ওরফে রাকিবকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান এর নেতৃত্বে এসআই মো. আব্দুল ওয়াদুদ চৌধুরীর টিম ব্যারিস্টার কলেজ এলাকায় অভিযান পরিচালনা করেন।

বুধবার ভোররাত ৩টা ১৫ মিনিটের দিকে ওই এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামী রকিবকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রকিবের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর আফজাল গ্রামে। তার বাবার নাম মোঃ জসিম উদ্দিন ও মায়ের নাম হাজেরা খাতুন। বর্তমানে সে ইপিজেড থানার কলসীদিঘী রোড এলাকার বুড়ির কলোনিতে বসবাস করে আসছিল।

থানা পুলিশ জানায়, গত ১৮ আগস্ট ইপিজেড থানায় দায়ের করা একটি মামলার (মামলা নং-৮) প্রধান এজাহারনামীয় পলাতক আসামি ছিল রকিব। এছাড়া তার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর ইপিজেড ও কর্ণফুলী থানায় ডাকাতি প্রস্তুতি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং দ্রুত বিচার ও বিস্ফোরক আইনসহ মোট ৮টি মামলা রয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও অন্যান্য অপরাধীদের ধরতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি