মাঠের লড়াইয়ে সাংবাদিক দলকে ৩-০ গোলে হারিয়ে বিজয়ী সিএমপি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০২ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩০

পুলিশের হাতে ফাইল কিংবা আইনশৃঙ্খলা রক্ষার তাগিদ নেই, সাংবাদিকদের হাতেও নেই খাতা, ক্যামেরা বা বুম। মাঠের দুই প্রান্তে দাঁড়ানো দুই দলের লক্ষ্য একটাই-ফুটবলের নিয়ন্ত্রণ এবং প্রতিপক্ষের জাল স্পর্শ করা।

দামপাড়া পুলিশ লাইন্স মাঠে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম প্রেসক্লাবের মধ্যে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচটি কেবল গোলের হিসাবনিকাশে সীমাবদ্ধ থাকেনি, মাঠের লড়াই ছাপিয়ে তা রূপ নেয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মেলবন্ধনে।

বুধবার বিকেল চারটায় শিস বাজার পর থেকেই দামপাড়ার সবুজ ঘাসে শুরু হয় জমজমাট লড়াই। তথ্য ও খবরের খোঁজে যাদের প্রতিদিনের দৌড়ঝাঁপ, সেই গণমাধ্যমকর্মীদের বিপক্ষে শুরু থেকেই কৌশলগত ও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিএমপি দল।

একের পর এক আক্রমণে প্রেসক্লাবের রক্ষণভাগকে তছনছ করে দ্রুতই খেলার নিয়ন্ত্রণ নেয় পুলিশ দল।

প্রেসক্লাবের খেলোয়াড়রা প্রতিহত করার চেষ্টা করলেও সিএমপির ধারালো আক্রমণের মুখে ম্যাচ শেষে ৩-০ গোলের পরিষ্কার জয় নিয়ে মাঠ ছাড়ে পুলিশ দল।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। খেলা শুরুর আগে তিনি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং কুশল বিনিময় শেষে মাঠে বল গড়ালে উপভোগ করেন প্রাণবন্ত এই দ্বৈরথ।

খেলার উত্তাপ শেষে বিজয়ী ও বিজয়িতাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মুহূর্তটি রূপ নেয় মিলনমেলায়। সিএমপি কমিশনার ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এ সময় মতামত দেন, পেশাগত জীবনে মুখোমুখি অবস্থান বা রিপোর্টিংয়ের জটিলতা যাই থাক না কেন, খেলাধুলার এমন উদ্যোগ দুই পক্ষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও আস্থা আরও মজবুত করবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম।

চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষে উপস্থিত থেকে খেলা উপভোগ ও খেলোয়াড়দের উৎসাহিত করেন ক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, উপদেষ্টা ওসমান গণি মনসুর ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

দিনশেষে ৩-০ স্কোরের খাতা নিয়ে মাঠ ছাড়লেও দুই পক্ষের মুখেই ছিল এক অনন্য সৌহার্দ্যের হাসি।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি