প্রবাসীদের দেশের অর্থনীতির প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশে ফিরে কোনো প্রবাসী যেন কোনো ধরনের হয়রানি, জালিয়াতি বা নির্যাতনের মুখোমুখি না হন, তা নিশ্চিত করতে সরকার তাদের পাশে থাকবে।
প্রবাসীদের সার্বিক কল্যাণ, অধিকার রক্ষা ও যেকোনো সমস্যা দ্রুত নিষ্পত্তিতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে।
গত রবিবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ওয়েস্টার্ন নিউইয়র্ক শাখা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, বহুকাল ধরে আন্দোলন ও ত্যাগের বিনিময়ে আমরা দেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি।
এই পরিবর্তনের ধারায় প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাদের যে সহমর্মিতা ও অংশগ্রহণ ছিল, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি সতর্ক করে বলেন, একটি নতুন, নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জনগণ তাদের রায় দিয়েছে। অথচ কতিপয় গোষ্ঠী অশালীন মন্তব্য ও সহনশীলতাহীন আচরণের মাধ্যমে রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত।
দেশের আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে; কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচার ও সুস্থ পরিবেশ বিনষ্ট বরদাশত করা হবে না।
বিগত শাসনকালের প্রসঙ্গ টেনে তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অল্প কিছু দিন পার হয়েছে।
পূর্ববর্তী সরকারের সীমাহীন দুর্নীতি, অর্থ লোপাট ও অর্থনৈতিক কাঠামোর যে ভঙ্গুর অবস্থা আমরা উত্তরাধিকারসূত্রে পেয়েছি, তা শুধরে নিতে কিছুটা সময়ের প্রয়োজন।
জনগণের প্রতি দায়বদ্ধ থেকে সরকার সংকটগুলো কাটিয়ে উঠতে নিরলস কাজ করছে এবং দ্রুতই ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।
পরশেষে দেশ গঠনে প্রবাসীদের সক্রিয় সহযোগিতা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বৈরাচারবিরোধী লড়াইয়ের মতো নতুন বাংলাদেশ বিনির্মাণের এই যাত্রাতেও প্রবাসীদের সাথে চাই।
সবাইকে একসূত্রে বেঁধে একটি উন্নত, সুশাসিত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ।
ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বিএনপির সভাপতি শাহীনূর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা শেখ জামান, নিউ ইয়র্ক মহানগর বিএনপির (দক্ষিণ) সাধারণ সম্পাদক বদিউল আলম এবং যুক্তরাষ্ট্র যুবদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি তারিক চৌধুরী দিপু। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ওয়েস্টার্ন নিউ ইয়র্ক বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম।
সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল মোস্তফা জাবেদের যৌথ উপস্থাপনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসান মোহাইমেন, তোজাম্মেল হোসেন, একেএম আবু হানিফ, মো. শিমুল, আশরাফুল ইসলাম, সেলিম খান প্রমুখ। সভার সূচনায় কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি মো. জাকারিয়া।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/মানস চৌধুরী


