নেতৃত্ব, মানবিকতা ও দেশপ্রেমের নতুন দীক্ষা: বোয়ালখালী উপজেলা স্কাউটসের ব্যতিক্রমী আয়োজন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৫৯

শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলার পাঠ, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং মানবিক মূল্যবোধের বীজ বপনে স্কাউটিংয়ের বিকল্প নেই।

আর এই স্কাউট কার্যক্রমের নেপথ্যে যারা চালিকাশক্তি হিসেবে কাজ করেন, সেই মাধ্যমিক পর্যায়ের স্কাউট ইউনিট লিডারদের জ্ঞান ও দক্ষতাকে আরও শাণিত করতে বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী “ইউনিট লিডার রিফ্রেশার্স কোর্স”।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বোয়ালখালী উপজেলা পরিষদের ঐতিহ্যবাহী মিলনায়তন ‘স্বাধীনতা কক্ষ’ এ এক উৎসবমুখর ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে ‘বাংলাদেশ স্কাউটস, বোয়ালখালী উপজেলা’।

উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত একঝাঁক দূরদর্শী ও নিবেদিতপ্রাণ ইউনিট লিডার এ কোর্সে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আমেজ ও গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক এস. এম. শাহনেওয়াজ আলী মির্জা, চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের সাবেক সম্পাদক কামাল উদ্দিন, চট্টগ্রাম জেলার কমিশনার মোহাম্মদ আলী, বোয়ালখালী উপজেলার কমিশনার তাপস কুমার ঘোষ এবং সহ-সভাপতি কামরুল হাসান।

দিনব্যাপী এ নিবিড় প্রশিক্ষণ পর্বে স্কাউটিংয়ের কৌশল, আধুনিক ইউনিট পরিচালনা পদ্ধতি, দূরদর্শী নেতৃত্ব ও কার্যকর ব্যবস্থাপনা নিয়ে তাত্বিক ও ব্যবহারিক সেশন পরিচালনা করেন দেশবরণ্যে প্রশিক্ষকবৃন্দ।

কোর্স লিডার হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন মুজিবুর রহমান ফারুকী (এলটি)।

এছাড়া প্রশিক্ষক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন প্রবীর কান্তি মজুমদার (এএলটি), প্রজীব কুমার বড়ুয়া এবং এস. এম. গোলাম মোস্তফা।

উদ্বোধনী পর্বে বক্তারা অত্যন্ত তাত্পর্যপূর্ণ বক্তব্যে বলেন, “স্কাউটিং কেবল কোনো এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটি নয়, এটি শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল, দায়িত্বশীল ও খাঁটি দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার এক শক্তিশালী মাধ্যম।

আর এই দায়িত্ব পালনে মূল কাণ্ডারির ভূমিকা পালন করেন আমাদের ইউনিট লিডাররা।

এ ধরনের নিয়মিত রিফ্রেশার্স কোর্সের মাধ্যমে লিডারদের দক্ষতা ও কাজের গতি যেমন বহুগুণ বৃদ্ধি পাবে, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্কাউটিং কার্যক্রম এক নতুন মাত্রা লাভ করবে।”

দিনব্যাপী এই সেশনে শুধু চিরাচরিত পাঠদান নয়, বরং আধুনিক স্কাউটিং, দলগত প্রশিক্ষণ, ব্যবহারিক প্রয়োগ এবং বিভিন্ন অভিজ্ঞতা বিনিময়ের এক অপূর্ব মিলনমেলা গড়ে ওঠে। অংশগ্রহণকারী শিক্ষক ও লিডাররা জানান, এই কোর্স তাদের অর্জিত জ্ঞানকে যেমন ঝালিয়ে নিতে সাহায্য করেছে, তেমনি নিজ নিজ স্কুলে ফিরে গিয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্যমে স্কাউটিংয়ের মশাল জ্বালিয়ে রাখার সাহস যুগিয়েছে।

আয়োজকদের দৃঢ় বিশ্বাস, বোয়ালখালী উপজেলা স্কাউটসের এই সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ ভবিষ্যতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কাউটিংকে আরও শক্তিশালী, নিয়মানুগ ও গতিশীল করতে এক মাইলফলক হিসেবে কাজ করবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি