সংসারের আড়াই বছর: একে খান মোড়ের সিটি প্যালেসে তরুণীর রহস্যজনক পরিণতি!

কক্ষে সিলিং ফ্যানে ঝুলছেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৬ ১৩:২৮

চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম (২৭) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাধারণ একটি ভাড়া বাসা ছেড়ে হোটেলে উঠে থাকার মাত্র কয়েক দিনের মাথায় এমন মর্মান্তিক ও রহস্যময় পরিণতি থমকে দিয়েছে স্থানীয়দের।

বুধবার সন্ধ্যায় নগরীর আকবরশাহ থানার একে খান মোড় এলাকার ‘সিটি প্যালেস হোটেল’এর দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জান্নাতুল নাঈম বোয়ালখালী উপজেলার উত্তর আকুবদণ্ডী এলাকার মনসুর হেলালের স্ত্রী। প্রায় আড়াই বছর আগে ভালোবাসার বা তাগিদের টানে এক ফ্রেমে বাঁধা পড়েছিল তাদের সংসার। চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন তারা।

তবে রহস্যজনকভাবে সম্প্রতি সেই বাসা ছেড়ে দিয়ে গত ১৮ সেপ্টেম্বর থেকে তারা সিটি প্যালেস হোটেলের ওই কক্ষে অবস্থান করছিলেন। জান্নাতুলের স্বামী মনসুর নগরীর সল্ট ক্রসিং এলাকায় পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত।

ঘটনার দিন বুধবার দুপুরে খাবার কিনে হোটেলে ফেরেন স্বামী মনসুর। কক্ষের দরজা খুলে ভেতরে ঢুকতেই থমকে যান তিনি-চোখের সামনে সিলিং ফ্যানের সাথে ঝুলছে স্ত্রী জান্নাতুলের নিথর দেহ।

এরপর স্বামী ও হোটেল কর্তৃপক্ষের হাহাকারে মুহূর্তেই সেখানে ভিড় জমে। খবর পেয়ে আকবরশাহ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হোটেল কক্ষে কেন তারা দীর্ঘদিন অবস্থান করছিলেন কিংবা এই মৃত্যুর পেছনে পারিবারিক কলহ না অন্য কোনো স্পর্শকাতর কারণ রয়েছে-তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি