ফটিকছড়িতে দুই বাইকের রক্তক্ষয়ী সংঘর্ষ: প্রাণ গেল জিসানের,আশঙ্কাজনক ৫

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ নভেম্বর, ২০২৬ ১২:১৬

চট্টগ্রামের ফটিকছড়িতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

স্থানীয় ও চিকিৎসা সূত্রে জানা গেছে, আহত পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক।

গতকাল শনিবার (৭ নভেম্বর) রাতে উপজেলার মাইজভান্ডার আমতলী এলাকার বাইস্যে পুলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের রমজান আলী শিকদার বাড়ির বাসিন্দা।

জিসানের পরিবারের সদস্য ওসমান এবং স্থানীয় জনপ্রতিনিধিরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বাইস্যে পুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই মোটরসাইকেলে থাকা মোট ছয়জন আরোহী সড়ক আছড়ে পড়ে গুরুতর আহত হন।

পরে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জিসানের মৃত্যু হয়।

আহত অপর পাঁচজন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁরা ফটিকছড়ি উপজেলার চাড়ালিয়া হাট, হরিণখালী নবপাড়া ও গোপালঘাটা এলাকার বাসিন্দা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি