চট্টগ্রামের কর্ণফুলীতে ইয়াবা উদ্ধারের মামলায় আনোয়ার হোসেন (৩৯) নামে এক মাদক কারবারিকে ৫ বছরের সাজা দিয়েছেন আদালত।
আজ ২৬ অক্টোবর (রোববার) চট্টগ্রাম ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা এ রায় দেন।
দণ্ডিত আনোয়ার হোসেন সাতকানিয়া উপজেলার দক্ষিণ রূপকানিয়া মহাজ্জামুহুরী পাড়া ডাক পিয়নের বাড়ির কবির আহমদের ছেলে।
মামলার অভিযোগে উল্লেখ রয়েছে, ২০১৮ সালের ১১ ডিসেম্বর রাত ৮টায় কর্ণফুলী থানার চরলক্ষ্যা চরফরিদ এলাকার পিবিএ সড়ক থেকে আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। এসময় তার লুঙ্গির গোছা থেকে ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কর্ণফুলী থানার এসআই মো. আলমগীর হোসেন বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় ২০১৯ সালের ১৭ জানুয়ারি একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেন কর্ণফুলী থানার এসআই মো. আলতাফ হোসেন।
২০২২ সালের ৬ এপ্রিল একমাত্র আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচারিক কার্যক্রম শুরুর নির্দেশ দেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, ‘৬জন সাক্ষীর ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আনোয়ার হোসনকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার আগে আসামির পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়। আদালত তা নামঞ্জুর করেন।


