আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন তিনি। ভেবেছিলেন হয়তো পার পেয়ে যাবেন। কিন্তু শেষ রক্ষা আর হলো না।
অবশেষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জালে ধরা পড়লেন মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবরার খান।
সোমবার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ নগরের বিভিন্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আবরার খান চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার জামালখান লেইনের আসকারদিঘীর পাড় এলাকার আজম খানের ছেলে।
তাঁর বিরুদ্ধে মাদক আইনের একটি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা ছিল।
আদালত কর্তৃক সাজা ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক জীবন যাপন করছিলেন।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবরার খানকে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সুনির্দিষ্ট অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে ইতিমধ্যেই তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নগরের অপরাধ দমনে এবং সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে সিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

