চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (১৬ নভেম্বর) দুপুর পৌণে ২টার সময় উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা শান্তিরহাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রুমি আক্তার (৩২) ও তার স্বামী রহিমের আধাপাকা বাড়ির কাঁচা বেড়ার রান্নাঘরে চুলায় জ্বালানো লাকড়ির আগুন অসতর্কতার কারণে ছড়িয়ে পড়ে।
মুহূর্তেই আগুন রান্নাঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে বাড়ির লোকজন তা দেখে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়।
সংবাদ পেয়ে রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার প্রচেষ্টায় দুপুর ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহিদুর রহমান জানায়, অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।
প্রাথমিকভাবে আগুনের কারণ হিসেবে রান্নার চুলার আগুনকে দায়ী করা হয়েছে।



