পার্বত্যচট্টগ্রাম ডেস্ক : খাগড়াছড়ির দীঘিনালা বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ৩৫টিরও বেশি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ আগুনের সূত্রপাত হয় বাজারের একটি গলিতে।
অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়। এতে স্বর্ণের দোকানসহ অন্তত ৩৫টির বেশি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস জোন ও খাগড়াছড়ি থেকে আসা আরও একটি ফায়ার ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, রাত ৩টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।
এতে প্রায় ৩৫টির বেশি দোকান পুড়ে গেছে। আমরা প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি।
তিনি আরও জানান, প্রথমে একটি গলিতে আগুন লাগলেও দ্রুত তা দ্বিতীয় ও তৃতীয় গলিতেও ছড়িয়ে পড়ে, ফলে পুরো বাজার ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নেমে এসেছে চরম হতাশা। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, রাত ৩ টায় দিকে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে বোয়ালখালী বাজারের আগুন নেভানোর কাজ শুরু করি। প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় ভোর সাড়ে ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
বৈদ্যুতিক শর্ট সার্কিতে থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে জানান তিনি। তবে ক্ষয়ক্ষতির পরিমান যাচাই না করে বলা যাবে না বলেও জানান এই কর্মকর্তা।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



