back to top

দেশে ১ লাখ ৯২ হাজার মেট্রিক টন জ্বালানি মজুদ

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬ ০৮:৫৯

দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ মেট্রিক টন পেট্রোল, ডিজেল, অকেটেন ও জেট ফুয়েল মজুত করেছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।

মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মনির হোসেন চৌধুরী বলেন, মঙ্গলবার পর্যন্ত দেশে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন ডিজেল মজুত আছে।

এছাড়া ৭ হাজার ৯৪০ মেট্রিক টন অকটেন, ১১ হাজার ৪৩১ মেট্রিক টন পেট্রোল ও ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন জেট ফুয়েল মজুত রয়েছে।

তিনি বলেন, দেশে ডিজেল নিয়ে কোনো সংকট নেই। মার্চে জ্বালানি তেল নিয়ে কোনো সমস্যা হয়নি। এপ্রিল মাসেও কোনো সংকট হবে না।

তিনি আরও বলেন, দেশে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে কোনো সমস্যা হবে না। কারণ যে পরিমাণ সরবরাহ পাওয়ার কথা ছিলো, তা পাওয়া গেছে।

জ্বালানি মুখপাত্র জানান, সোমবার (৩০ মার্চ) সারাদেশে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে সরকার।

সবমিলিয়ে এখন পর্যন্ত ২ লাখ ৯৬ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি