back to top

চবি থেকে ৩০ মিনিটের অভিযানে বিষধর কিং কোবরা উদ্ধার

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২৬ ০৭:৫৯

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আবারও উদ্ধার করা হয়েছে বিরল প্রজাতির একটি বিষধর সাপ। নাম কিং কোবরা

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়ির পেছনের ঝর্ণা এলাকা থেকে প্রায় আট ফুট লম্বা সাপটি উদ্ধার করে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেক বাইট অ্যাওয়ারনেস।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম হোসেন নামের এক বাসিন্দার বাড়িতে সাপটি ঢুকে পড়ে। খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

পরে সংগঠনটির উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল আল হায়দারের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

প্রায় ৩০ মিনিটের চেষ্টার পর সাপটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন তারা। পরে সেটিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রাণিবিদ্যা বিভাগের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অভিযান শুরু করে এবং সাপটিকে উদ্ধার করে।

ইব্রাহীম খলিল আল হায়দার জানান, উদ্ধার করা কিং কোবরাটি প্রায় আট ফুট লম্বা হলেও পূর্ণবয়স্ক অবস্থায় এই প্রজাতির সাপ ১৮ থেকে ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বর্তমানে সাপটি তাঁর তত্ত্বাবধানে রয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

তিনি আরও বলেন, কিং কোবরা অত্যন্ত বিষধর হলেও সাধারণত মানুষকে এড়িয়ে চলতে পছন্দ করে। এরা মূলত অন্যান্য সাপ খেয়ে বেঁচে থাকে।

তবে আবাসস্থল সংকুচিত হলে বা বিরক্ত করা হলে মানুষের সংস্পর্শে চলে আসতে পারে।

বিশ্ববিদ্যালয় এলাকায় কিং কোবরা ছাড়াও ব্ল্যাক ক্রেইট, ব্যান্ডেড ক্রেইট, গ্রিন পিট ভাইপার ও রেডনেক কিলব্যাকসহ বিভিন্ন প্রজাতির বিষধর সাপের উপস্থিতি রয়েছে বলেও জানান তিনি।

এর আগে ২০১৬ ও ২০২১ সালেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কিং কোবরা উদ্ধার করা হয়েছিল।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি