সিটিজি নিউজ টুডে : কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস একটি মামলায় জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
তবে তাঁর বিরুদ্ধে আইনজীবী হত্যাসহ আরও ছয়টি মামলা থাকায় আইনি জটিলতা এখনও কাটেনি।
যে মামলায় তিনি জামিন পেয়েছেন, সেটির বাদী পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বাবা এবং সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
চট্টগ্রামের হাটহাজারীর মেখলে এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।
আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান জানান, চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে দায়ের করা এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ছয়জনকে আসামি করা হয়। তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা দেয়।
এর আগে তাঁর আইনজীবী কে পি শর্মা ৭ এপ্রিল তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। পরে আজ বৃহস্পতিবার তাঁকে জামিন দেওয়া হয়।
এদিকে, ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় তাঁর বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
এছাড়া পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা দায়ের করা হয়।
হত্যা মামলায় গত বছরের ১ জুলাই পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসের উসকানি ও নির্দেশে ওই আইনজীবীকে হত্যা করা হয়।
অভিযোগপত্র অনুযায়ী, আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর লাঠি, বাটাম, ইটসহ বিভিন্ন বস্তু দিয়ে তাঁকে পিটিয়ে হত্যা করেন।
গত ২৫ আগস্ট আদালত চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন। বর্তমানে মামলাটির সাক্ষ্য গ্রহণ চলছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



