হামের প্রকোপে উদ্বেগ বাড়ছে: চট্টগ্রাম বিভাগে একদিনে সর্বোচ্চ প্রাণহানি

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬ ১৭:২৩

দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আবারও বাড়ার খবর পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে চট্টগ্রাম বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ২০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২ শিশুর।

গত ২৪ ঘণ্টায় মৃত ১১ শিশুর মধ্যে—চট্টগ্রাম বিভাগে ৫ জন। ঢাকা বিভাগে ৩ জন, সিলেট বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১ জন।

আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে সারা দেশে নতুন করে ১ হাজার ৫৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত-হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট ৩০ হাজার ৬শ ৭ জন শিশু। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২০ হাজার ৪শ ৭৫ জন শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮১ শিশু। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৪ হাজার ৪শ ৬০ জন শিশুর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের এই ঊর্ধ্বমুখী প্রবণতা জনস্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ বাড়াচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান ও সচেতনতা আরও জোরদার করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

বর্তমান পরিসংখ্যান বলছে, দেশে হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উভয়ই উদ্বেগজনকভাবে বাড়ছে, যা দ্রুত নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তুলছে স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের মধ্যে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি