back to top

রামগড়ে বিয়েবাড়িতে পুলিশের অভিযান, গ্রেপ্তার যুবলীগের তিন নেতা

প্রকাশিত: ০২ মে, ২০২৬ ০৭:০৯

খাগড়াছড়ির রামগড়ে বিয়ের দাওয়াতে এসে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক যুবলীগ নেতার মেয়ের বিয়ের দাওয়াতে তাঁরা রামগড়ে এসেছিলেন। বৃহস্পতিবার রাতে কনের গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেন তাঁরা।

পরে নিজ নিজ বাসায় রাতযাপন করেন। শুক্রবার দুপুরে বিয়ের মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে তার আগেই ভোরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, গ্রেপ্তার তিনজন দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি