চট্টগ্রামে মিথ্যা অভিযোগ এনে এক বীর মুক্তিযোদ্ধার পরিবারকে হয়রানি করার দায়ে বিবি মরিয়ম বেগম নামের এক নারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন মাহমুদের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বিবি মরিয়ম নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকার বাসিন্দা ও আলাউদ্দিনের স্ত্রী।
আদালত সূত্র জানায়, ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর আকবরশাহ থানায় বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেনের ছেলে মোক্তার হোসেনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বিবি মরিয়ম।
জিডিতে তিনি অভিযোগ করেন, মোক্তার হোসেন তাঁর দুই ছেলেকে মারধর করেছেন এবং তাঁদের পরিবারকে হুমকি দিচ্ছেন।
তবে আদালতের নির্দেশে তদন্তে নামে পুলিশ। তদন্ত শেষে পুলিশ আদালতে জানায়, অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
অভিযোগটি ছিল সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। নির্দোষ ব্যক্তিকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এ অভিযোগ করা হয়েছে বলেও তদন্তে উঠে আসে।
এ ঘটনায় দণ্ডবিধির ২১১ ধারায় মামলাটি আমলে নেন আদালত। পরে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও দীর্ঘ শুনানি শেষে আদালত বিবি মরিয়মকে দোষী সাব্যস্ত করেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর শেখ সোহেল মাহমুদ সোহেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



