back to top

দায়িত্ব নিয়েই জঙ্গল সলিমপুরে কঠোর বার্তা দিলেন এসপি মাসুদ আলম

প্রকাশিত: ০৮ মে, ২০২৬ ১৭:০৯

চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে পদায়নের পর বৃহস্পতিবার নতুন কর্মস্থলে যোগ দেন নবনিযুক্ত পুলিশ সুপার মাসুদ আলম।

দায়িত্ব গ্রহণের পরদিনই শুক্রবার (৮ মে) বিকেলে তিনি সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন করেন এবং সেখানে পুলিশ ক্যাম্প ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে তিনি ঘোষণা দেন, জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর চট্টগ্রামের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য।

মাসুদ আলম বলেন, “জঙ্গল সলিমপুরকে একটি সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে এতদিন বাইরে থেকে আমরা চিনে এসেছি। এখানে র‍্যাব সদস্যকেও হত্যার ঘটনা ঘটেছে।”

তবে তিনি আরও বলেন, প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যে এ জনপদে অনেক পরিবর্তন এসেছে এবং এটি সন্ত্রাসমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, আগামীতেও এখানে যারা বসবাস করছেন তারা যেন নিরাপদে থাকতে পারেন এবং কোনো সন্ত্রাসী যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে পুলিশ প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।

পরিদর্শন শেষে স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি