back to top

জামিন পেলেন না চিন্ময়, ঝুলে রইল চার মামলার আদেশ!

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১৪:১২

চট্টগ্রামে বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে তাঁর করা পৃথক আরও চারটি মামলার জামিন আবেদন আদেশের জন্য আগামীকাল রাখা হয়েছে।

রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আলিফ হত্যা মামলার আইনজীবী অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইয়েদা শাজিয়া শারমিন, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন কবির, আল-আমিন, খোরশেদ আলম সেলিম, মোহাম্মদ নাজমুল হাসান ও মো. মোখলেছুর রহমান।

অন্যদিকে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যসহ আরও কয়েকজন আইনজীবী।

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসকে ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরদিন ২৬ নভেম্বর তাঁকে চট্টগ্রাম আদালতে তোলা হলে তাঁর জামিনকে কেন্দ্র করে অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

একপর্যায়ে আদালতের বাইরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।

গত বছরের ১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান ৩৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। এতে প্রধান আসামি করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে।

পরে ২৫ আগস্ট চিন্ময়সহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

চলতি বছরের ৭ জানুয়ারি মামলাটি বিচারের জন্য চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

এ ছাড়া চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আলিফ হত্যা মামলাসহ আরও ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামের হাটহাজারীর মেখল এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে একটি মামলাও রয়েছে।

ওই মামলার বাদী সরকারের ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পিতা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি