back to top

খুলশীর ডেবারপারে জমি বিরোধে রাতভর গোলাগুলি, ভোরে রণক্ষেত্র

প্রকাশিত: ২৫ মে, ২০২৬ ০৮:৪২

চট্টগ্রামের খুলশী থানাধীন ডেবারপার এলাকায় জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার দিবাগত রাত থেকে শুরু হওয়া উত্তেজনা সোমবার ভোরে সহিংস রূপ নেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, বিরোধপূর্ণ একটি জমির মালিকানা নিয়ে বেশ কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। উভয় পক্ষই জমিটির মালিকানা দাবি করে আসছিল। সেই বিরোধই শেষ পর্যন্ত প্রকাশ্য সংঘর্ষে গড়ায়।

ভোর ৪টার দিকে এলাকায় হঠাৎ কয়েক দফা গুলির শব্দ শোনা যায়। আকস্মিক গোলাগুলিতে আশপাশের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার আশঙ্কায় ঘর থেকে বের হননি।

তবে বাসাবাড়ির জানালা ও বারান্দা থেকে মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন স্থানীয়রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিওচিত্র, যেখানে গুলির শব্দ স্পষ্ট শোনা যায়।

সকাল বাড়ার সঙ্গে সঙ্গে বিরোধপূর্ণ জমির আশপাশে দুই পক্ষের সমর্থকদের জড়ো হতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে উভয় পক্ষ একে অপরকে ধাওয়া করে। দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংঘর্ষ শুরু হওয়ার পর দীর্ঘ সময় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল না।

এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আতঙ্কে অনেক দোকানপাট আংশিক বন্ধ রাখা হয়। শিশু-কিশোরদের বাইরে যেতে নিষেধ করেন অভিভাবকেরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল ৭টার দিকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর তারা সংঘর্ষ থামাতে ও এলাকা নিয়ন্ত্রণে আনতে অভিযান চালান।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি