back to top

সিসিটিভিতে অপহরণের দৃশ্য, শিমুলসহ অভিযুক্তদের খুঁজছে পুলিশ

কাজীর দেউড়ি থেকে অপহরণ, দুই ঘণ্টা ঘুরিয়ে ৯০ হাজার টাকা আদায়

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬ ১০:৩৩

চট্টগ্রাম নগরের বেসরকারি প্রতিষ্ঠান পিএইচপি কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম)কে অপহরণ করে মারধর এবং নগদ টাকা আদায়ের অভিযোগে মামলা হয়েছে।

এ ঘটনায় রাকিব আল হোসাইন ওরফে শিমুলকে প্রধান আসামি করে নগরের কোতোয়ালি থানায় অপহরণ মামলা দায়ের করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে কাজীর দেউড়ি এলাকা থেকে ওই প্রতিষ্ঠানের এজিএমকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায় শিমুল ও তার চার সহযোগী।

পরে তাঁকে প্রায় দুই ঘণ্টা নগরের বিভিন্ন এলাকায় ঘুরিয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় ফেলে রেখে যায়। এ সময় তাঁকে মারধর করে নগদ ৯০ হাজার টাকা নিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত রাকিব আল হোসাইন ওরফে শিমুলের বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

নগরের কর্ণফুলী থানায় দায়ের হওয়া ডাকাতি মামলার (নং–৯, তারিখ ০৬/০৯/২০২৪) এজাহারভুক্ত আসামি তিনি।

পাশাপাশি পিসিপিআর সূত্রের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম নগরে সংঘটিত একাধিক অপহরণ ও ডাকাতির ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

শিমুল চন্দনাইশ উপজেলার বরকল ইসলামাবাদ এলাকার বশর চেয়ারম্যান বাড়ির আবুল মনজুর ও শাহিনা আক্তারের ছেলে।

এ বিষয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মামুন রশিদ বলেন, একটি বেসরকারি কোম্পানির এজিএমকে প্রায় দুই ঘণ্টা অপহরণ করে রেখে তাঁর কাছ থেকে ৯০ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করে এ ঘটনা ঘটানো হয়। ঘটনার সঙ্গে শিমুল ও তাঁর সহযোগীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজে অপহরণের ঘটনার কিছু আলামত পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি