বউদের ছেড়ে স্বামীদের জিম্মি! পাহাড়ে তাড়া খেয়ে পালালো অপহরণকারীরা

অপহৃত দুই তরুণকে রক্ষা করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫৪

চট্টগ্রামের কর্ণফুলীতে অবস্থিত কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) পশ্চিম পাশের শান্ত ও সবুজ পাহাড়ি এলাকা।

সেখানে প্রিয়জনদের নিয়ে ঘুরতে যাওয়ার আনন্দ যে মুহূর্তের মধ্যে চরম দুঃস্বপ্নে পরিণত হবে, তা হয়তো ভাবতেও পারেননি তিন নবদম্পতি।

মঙ্গলবার বিকেলে কেইপিজেডের পশ্চিম পাশে অবস্থিত বরগাঙ বৌদ্ধ বিহার এলাকায় নিজেদের স্ত্রীদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিন তরুণ।

প্রকৃতির সান্নিধ্যে কাটানো সেই আনন্দঘন মুহূর্তের মাঝেই অঘটন ঘটায় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ও সংগঠিত বখাটে চক্র।

তারা অতর্কিতে হামলা চালিয়ে ৩ নারীর সঙ্গেই থাকা দুজনকে জোরপূর্বক পাহাড়ি এলাকার গহীনে তুলে নিয়ে যায়।

তবে আশ্চর্যজনকভাবে সঙ্গে থাকা মো. আবির (২০) নামের এক যুবক ও ওই তিন নারীকে ঘটনাস্থলেই ছেড়ে দেয় অপহরণকারীরা।

পরবর্তীতে জিম্মি করা দুই কিশোরের জীবনের বিনিময়ে তাদের ব্যবহৃত মুঠোফোনে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তবে ভয় পেয়ে পিছিয়ে যাননি ভুক্তভোগীরা। ছাড়া পাওয়া তরুণ ও নারীরা দ্রুত কেইপিজেডস্থ শিল্প পুলিশ-৩-এর অস্থায়ী ক্যাম্পে পৌঁছে পুরো বিষয়টি পুলিশকে জানান।

ঘটনার গুরুত্ব অনুধাবন করে পুলিশ সুপারের নির্দেশে সঙ্গে সঙ্গেই সাজানো হয় বিশেষ উদ্ধার অভিযান।

এসআই (নিরস্ত্র) সুব্রত কুমার ঘোষের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বরগাঙ বৌদ্ধ বিহার ও মরিয়ম আশ্রম সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় চিরুনি অভিযান শুরু করে।

পুলিশের ত্বরিত গতি ও সাঁড়াশি অভিযানের টের পেয়ে কোনোরকমে পিঠ বাঁচাতে বাধ্য হয় অপরাধীরা।

রাত সাড়ে ৮টার দিকে জিম্মি থাকা দুই তরুণকে মরিয়ম আশ্রমের গহীন পাহাড়ে ফেলে রেখে অন্ধকার রাতে পালিয়ে যায় অপহরণকারীরা। পরবর্তীতে অক্ষত অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ।

শিল্প পুলিশের অনুসন্ধানে এই ধৃষ্টতাপূর্ণ অপহরণকাণ্ডে জড়িত দুজনের পরিচয় উঠে এসেছে।

তারা হলো-কর্ণফুলী উত্তর বন্দরের মো. ফারুকের ছেলে মো. হাসান (১৭) এবং আনোয়ারা জুইদণ্ডী চৌমুহনীর মো. ইসহাকের ছেলে মো. রাকিব (১৭)।

উদ্ধার হওয়া দুই কিশোরকে নিরাপদে ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেন স্বজনেরা।

পরবর্তীতে স্বজনরা এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আইনি জটিলতায় না গিয়ে লিখিত আবেদনের মাধ্যমে নিজ নিজ জিম্মায় উদ্ধারকৃতদের নিয়ে যান।

ইপিজেড সংলগ্ন পর্যটনবান্ধব পাহাড়ি এলাকায় এমন ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হলেও, শিল্প পুলিশের সময়োপযোগী অভিযানে ভেস্তে গেল অপহরণকারীদের বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত পরিকল্পনা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি