লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে আইডিইবি কাতার চ্যাপ্টার। মানবিক সহায়তার অংশ হিসেবে বন্যাকবলিত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিইবির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জয়নুল আবেদীন।
এফডিইবির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদুয়া আইনুল উলুম দারুছুন্নাহ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ. ন. ম. নোমান, প্রকৌশলী মাহবুবুল হাসান রুমি, আমিরাবাদ ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার জাহাঙ্গীর আলম, মুহাম্মদ হারুন উর রশিদ সিকদার, তারেক বিন কবির, মাওলানা রফিক দিদার, প্রকৌশলী তাজুল হক, মাওলানা মনির আহমেদ ও শিশির মজুমদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী জয়নুল আবেদীন বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় চট্টগ্রামের অসংখ্য মানুষ তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন।
এমন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আইডিইবি কাতার চ্যাপ্টারের উদ্যোগে লোহাগাড়ার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, লোহাগাড়া ও সাতকানিয়ার ভয়াবহ বন্যায় প্রকৌশলী সমাজের অনেক সদস্যও ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাতারে বসবাসরত বাংলাদেশি প্রকৌশলীদের অর্থায়নে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। তিনি কাতারপ্রবাসী প্রকৌশলীদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
প্রকৌশলী জয়নুল আবেদীন আরও বলেন, দেশের প্রকৌশলীরা যদি সৎ, আদর্শবান ও দায়িত্বশীল হন, তবে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।
প্রকৌশলীদের এমন একটি আদর্শিক সমাজ গড়ে তুলতে হবে, যেখানে কোনো অনিয়ম, দুর্নীতি বা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার হবে না। উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
আইডিইবি ও এফডিইবি সেই আদর্শ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রকৌশলীরা ভালো থাকলে দেশ ভালো থাকবে, আর দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন তুলে দেওয়া হয় এবং দুর্যোগ মোকাবিলায় সমাজের বিত্তবান ও প্রবাসীদের আরও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি/রায়হান

