অন্তঃসত্ত্বা গৃহবধূকে ‘শ্বাসরোধে হত্যা’: আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি স্বামীর

স্বামীর পর ননদও গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬ ১৬:২১

চট্টগ্রামের পটিয়ায় নয় মাসের অন্তঃসত্ত্বা তানিয়া কামাল নিহাত (২০) হত্যা মামলাটি এখন নতুন মোড় নিয়েছে। স্বামী মো. নুরু উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ননদ জোৎস্না আক্তারসহ গ্রেফতারের ঘটনা এই হত্যাকাণ্ডের পেছনের বীভৎসতা ও পারিবারিক কলহের ভয়াবহ রূপকে উন্মোচন করেছে।

একটি পরিবারে যেখানে নতুন অতিথির আগমন নিয়ে আনন্দ থাকার কথা ছিল, সেখানে পারিবারিক দ্বন্দ্ব কীভাবে একটি প্রাণ কেড়ে নিল-সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

এর আগে গত সোমবার (২৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই এলাকায় স্বামীর বসতঘরে ঘুমন্ত অবস্থায় তানিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়।

ঘটনার পরপরই পুলিশ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সকাল সাড়ে ৭টার মধ্যে প্রধান অভিযুক্ত স্বামী নুরু উদ্দিন ও ননদ জোৎস্না আক্তারকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে।

নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা এজাহারে স্বামী ও ননদের পাশাপাশি ননদের স্বামী মো. খোকনসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

পটিয়া থানা পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়ার পর থানায় ৩০২/৩৪ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে হাজির করা হলে স্বামী নুরু উদ্দিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এ ঘটনায় পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি