একাকী ঘরে পড়ে ছিল প্রবীণ আ.লীগ নেত্রীর নিথর দেহ, উত্তর খুঁজছে পুলিশ

মাদারবাড়ির মাঝিরঘাট এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার নিজ বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামের আওয়ামী লীগের সাবেক এক নারী নেত্রীর নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে পূর্ব মাদারবাড়ির মাঝিরঘাট এলাকার শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং প্রয়াত আবুল কালামের স্ত্রী।

তিনি নগরের সদরঘাট থানার মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নুর মোহাম্মদ মাস্টার লেনে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত নুর নাহার দীর্ঘদিন ধরে ক্যানসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা জটিল শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর বড় ছেলেও ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে তিনি ছোট ছেলের সঙ্গেই ওই বাসায় থাকতেন।

ঘটনার দিন সকালে ছোট ছেলে কর্মস্থলে চলে যান এবং তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীও ছিলেন বাবার বাড়িতে। ফলে সারাদিন ঘরে একাই ছিলেন এই বৃদ্ধা।নেত্রী

সন্ধ্যা নামলে বাসার পেছনের দরজা খোলা দেখতে পান ভাড়াটিয়ারা। সন্দেহ হলে তাঁরা ভেতরে ঢুকে শয়নকক্ষের বিছানার ওপর নুর নাহারকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে সদরঘাট থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক আলামত সংগ্রহ করে।

মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি জানিয়ে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক আলামত ও পরিবারের বক্তব্য অনুযায়ী এটি অসুস্থতাজনিত স্বাভাবিক মৃত্যু কিংবা অপমৃত্যু হতে পারে।

এ ঘটনায় নিহতের ছোট ছেলে বাদী হয়ে সদরঘাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি