আকভানের প্রভাবে ভিজবে আট বিভাগই, তারপর নামবে শীতের আভাস

ভারত উপকূলে ধেয়ে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড়

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬ ১৪:০৭

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ এর পরোক্ষ ও প্রত্যক্ষ প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী দুই দিন মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা তৈরি হয়েছে।

তবে এই বর্ষণের পালা শেষে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়।

পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের ওপর দিয়ে না গেলেও এর মেঘমালা ও জলীয় বাষ্পের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি ও দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল।আকভান

সে সময় ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫ দশমিক ২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে আগামী কয়েক দিনের বৃষ্টি ও তাপমাত্রার সম্ভাব্য ধারা আলাদাভাবে তুলে ধরা হয়েছে।

সময়সীমা (সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা) বৃষ্টির সম্ভাব্য বিস্তৃতি ও মাত্রা তাপমাত্রার পূর্বাভাস
শুক্রবার (২০ নভেম্বর) দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার (২১ নভেম্বর) খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (২২ নভেম্বর) আট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (২৩ নভেম্বর) রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত চার দিনের পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে, এই মেয়াদের শুরুতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

একই সঙ্গে সারাদেশে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, যা নভেম্বরের শেষভাগে শীতের আমেজ আরও স্পষ্ট করতে পারে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি