back to top

প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন সিইসি

প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫ ১৩:১৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতির কাছে ৩০০ জন বিচারক চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ জানান তিনি।

সাক্ষাৎকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য বিচার বিভাগের সহযোগিতা কামনা করেন সিইসি।

প্রধান বিচারপতি এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করার প্রচলিত নিয়ম থাকলেও এবার সিইসি সচিবকে সঙ্গে নিয়ে একাই সাক্ষাৎ করেন।

অন্যদিকে, নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাছউদ জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা চাইবেন সিইসি।

এর আগে সকালে প্রস্তুতি সংক্রান্ত নানা বিষয় নিয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করেন সিইসি।