back to top

সীতাকুণ্ডে খামারের কর্মীকে কুপিয়ে শাহিওয়াল জাতের ৭টি গরু লুট

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬ ১২:০৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের সিডিএ আবাসিক এলাকায় ব্রাদার্স অ্যাগ্রো নামে একটি খামারে ভোররাতে হানা দিয়েছে সংঘবদ্ধ ডাকাতদল।

ডাকাতদের প্রবেশ করতে দেখে খামারের কর্মী মোহাম্মদ বাচ্চু মিয়া তাদের বাঁধা দিতে গেলে তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে ডাকাতদল। পরে খামার থেকে শাহিওয়াল জাতের সাতটি গরু লুট করে যায় তারা।

আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দারা গুরুতর আহতাবস্থায় খামারের কর্মী বাচ্চু মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তাঁর দুই পায়েই আঘাত রয়েছে। এ ছাড়া মাথায় ধারালো অস্ত্রের জখম রয়েছে।

জানা গেছে খামারটির মালিক স্থানীয় বাসিন্দা সাজেদ চৌধুরী বর্তমানে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করায় খামারকর্মী বাচ্চু মিয়াই খামারটির দেখাশোনা করে আসছেন।

বাচ্চু মিয়ার বরাতে স্থানীয় বাসিন্দা আবদুল মালেক চৌধুরী জানান, বাচ্চু মিয়া খামারের ভেতরে থাকা একটি ঘরে রাতে অবস্থান করতেন। খামারের দুটি ফটকে তালা দেওয়া ছিল।

ভোরে ডাকাতদল এসে খামারের একটি ফটকের তালা ভাঙার চেষ্টা করলে বাচ্চু মিয়া ফটকের কাছে যান। তখন দেয়াল টপকে আসা কয়েকজন ডাকাত তাঁর গলায় ছুরি ধরে তাঁকে জিম্মি করেন।

এ সময় তিনি চিৎকার করা শুরু করলে তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে প্রথমে দুটি কোপ দেওয়া হয়। এরপর আঘাত করে পায়ের হাড় ভেঙে দেওয়া হয়েছে।

ডাকাতদলের সদস্যরা মুখোশ পরে একটি পিকআপ ভ্যান নিয়ে খামারের সামনে আসেন বলে জানান আবদুল মালেক চৌধুরী।

তিনি বলেন, ‘বাচ্চু মিয়ার হাত বেঁধে তাঁকে খামারের ভেতর ফেলে রেখে গরু লুট করে নিয়ে যায় ডাকাতদল।

লুট হওয়া গরুর মধ্যে ছয়টি ষাঁড় ও একটি গাভি। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

ডাকাতদল চলে যাওয়ার পর বাচ্চু মিয়া গড়াগড়ি দিয়ে কোনোরকমে খামার থেকে বের হয়ে প্রতিবেশীদের জাগিয়ে ডাকাতির বিষয়টি জানিয়েছেন।

এ বিষয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা জানান, খামার কর্মীকে আহত করে গরু চুরির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে বলে তিনি জানান।