back to top

জাতীয় সংসদ নির্বাচন/ চট্টগ্রামসহ সারাদেশে ভোট গ্রহণ শুরু

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০২:১৫

সিটিজি নিউজ টুডে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন প্রান্তে ভোটকেন্দ্রগুলোতে গণভোটের ভোটগ্রহণ শুরু হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায়। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এর আগে ভোর ৬টা থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে জমতে শুরু করে মানুষের ভিড়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় পরিণত হয় দীর্ঘ সারিতে।

নারী, পুরুষ, তরুণ, প্রবীণ— সব বয়সী ভোটারদের উপস্থিতিতে অনেক কেন্দ্রেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫টি রাজনৈতিক দলের মোট ১১৫ জন প্রার্থী। প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ অন্য রাজনৈতিক দল।

নির্বাচন উপলক্ষে নগরী ও জেলার বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিনের প্রতিবেদকেরা বিভিন্ন কেন্দ্র থেকে জানিয়েছেন, সকাল থেকেই ভোটারেরা ভোটকেন্দ্রগুলোতে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন।

বন্দর নগরীর ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে। কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ আবার প্রতিবেশীদের সঙ্গে।

কেন্দ্রগুলোতে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজকের বহুলপ্রতীক্ষিত ভোটে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি দল অংশ নিচ্ছে।

দেশের ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছিল ইসি।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ ও স্বতন্ত্র রয়েছেন ২৭৩ জন।

এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। এছাড়া, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

ভোটের মাঠে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মোতায়েন থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য। এর বাইরে সশস্ত্র বাহিনীর সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ও বিচারিক হাকিম নির্বাচনি মাঠে রয়েছেন। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণে সবকিছু কঠোরভাবে নজরদারি করছে নির্বাচন কমিশন (ইসি)।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভুত্থানের পর এটি প্রথম সংসদ নির্বাচন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি