back to top

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৬:০৩

বিশ্ব ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানায়, ভূমিকম্পটি সন্ধ্যা ৬টা ৯ মিনিটে আঘাত হানে। এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার এবং কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডননিউজটিভির প্রতিবেদনে বলা হয়, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি ও নওশেরা জেলায় কম্পন অনুভূত হয়।

শাংলায় ইফতারের সময় ভূমিকম্পের কম্পন টের পেয়ে আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। এই এলাকাতেই ইউরেশীয় ও ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থল হওয়ায় ভূকম্পন বেশি অনুভূত হয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি