সিটিজি নিউজ টুডে: চট্টগ্রামের রাউজানে অস্বাস্থ্যকর পরিবেশে নকল নুডলস, সফট ড্রিংক পাউডার ও টেস্টি স্যালাইন উৎপাদনের তথ্য পেয়ে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গতকাল ২৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিকাল ৪ টার সময় রাউজানের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা নোয়াপাড়া পথেরহাটের পূর্বপ্রান্তে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সংলগ্ন মিয়া মার্কেটে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে গিয়ে দেখা যায় মার্কেটটির পেছনে দোকান ভাড়া নিয়ে বাইরে দরজা বন্ধ রেখে ভিতরে বিশাল জায়গা জুড়ে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন ও প্যাকেটজাত করা হচ্ছিল নকল নুডলস, ‘ট্যাং’ সদৃশ সফট ড্রিংক পাউডার, টেস্টি স্যালাইন।
বাজারজাতের লক্ষ্যে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন অবৈধ পন্থায় এসব পন্য উৎপাদন ও প্যাকেটজাত করার অপরাধে কারখানাটি সিলগালা করা হয়। আটক করা হয় ৫ জনকে।
অভিযানটির নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম জানান, কারখানার মালিক ও ব্যবস্থাপক উপস্থিত না থাকায় উৎপাদন কাজে জড়িত ৫জনকে আটক করা হয়েছে।
তাছাড়া অবৈধভাবে সফট ড্রিংক পাউডার, নুডলস, টেস্টি স্যালাইনসহ নানা ধরনের পন্য তৈরি ও প্যাকেটজাত করা এবং অনুমোদন ছাড়াই প্যাকেটে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করার অপরাধে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে জানালেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রাউজান থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) সাঈদ আহমেদ তালুকদার, ফিল্ড অফিসার (সার্টিফিকেশন মার্কস) মো. নাসির উদ্দিন, রাউজান উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতিকুর রহমান প্রমুখ।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত থাকা মিয়া মার্কেটের মালিক মো আক্তার জানান, চার বছর পূর্বে দোকানসহ পেছনের অংশ ভাড়া নেন নোয়াপাড়া কলেজের সাবেক উপাধ্যক্ষ ও রাউজান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ উদ্দিন আহমেদ এবং তার ভাই কামাল উদ্দিন টুটুল কারখানাটি পরিচালনা করে আসছেন।
তবে ঘটনার বিষয়ে জানতে সৈয়দ উদ্দিন আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এসবে জড়িত নই। এগুলো আমার পছন্দ নয়, তাই আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। উল্টো মার্কেটের মালিকসহ তার দুই বন্ধুর জড়িত থাকার ধারণা দেন এ উপাধ্যক্ষ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


