সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিয়ে পাঁচজনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার গভীর রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ইমন (২৪), মো. রায়হান রানা (২৩), হেলাল (৩০), মো. মাসুদ (২২) ও মিনহাজ (২০)। তারা সবাই আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি তলোয়ার, দুটি বড় ছুরি, একটি চাপাতি, একটি লোহার রড ও একটি চেইন জব্দ করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, আটককৃতরা সংঘবদ্ধভাবে ডাকাতির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আরও ১০ থেকে ১৫ জনকে শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



