back to top

চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ১৮:৫৯

চট্টগ্রাম সাত সাংবাদিককে আসামি করে সাইবার আইনে আদালতে মামলা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক সমন্বয়ক।

একজন সাংবাদিকের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দায়ের করা এই মামলায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর ২৬(১) ও ২৬(২) সংশোধিত ধারায় সাইবার স্পেসে ধর্মীয় বা জাতিগত উসকানির অভিযোগ এনেছেন বাদী রিদুয়ান সিদ্দিকী।

আদালত আগামী ৫ মের মধ্যে অভিযোগ তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মামলায় আসামি করা হয়েছে- দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার, যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সবুর শুভ এবং চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদকে।

আদালত সূত্র জানায়, চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা এই মামলায় বাদী রিদুয়ান সিদ্দিকী নিজেকে বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও সমন্বয়ক বলে উল্লেখ করেন।

তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার শাহ সিদ্দিক বাড়ির আবদুর রহিম ও কুলচুমের ছেলে।

বাদীর অভিযোগ- গত ৪ মার্চ সাংবাদিকদের বিরূদ্ধে নানা অভিযোগ এনে চট্টগ্রাম প্রেস ক্লাবে তথ্যমন্ত্রীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটি স্মারকলিপি দেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে একজন সাংবাদিক ফেসবুকে ‘মুখে বৈষম্যবিরোধী, ভেতরে অন্য খেলা’ শিরোনামে একটি পোস্ট দেন সাংবাদিক হোসাইন তৌফিক ইফতেখার।

এই পোস্ট দাতা ও সেখানে মন্তব্য লেখা ও রিএ্যাক্ট দেওয়ায় ৭জন্যের বিরূদ্ধে মামলা দায়ের করা হয়।

এই পোস্ট ও মন্তব্যের কারণে বাদী সামাজিক ও রাজনৈতিকভাবে ঘৃণা ও বিদ্বেষের শিকার হয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৭ মার্চ রিদুয়ান সিদ্দিকীর বিরূদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালানো এবং বিভিন্ন মাধ্যমে শারীরিক হামলার হুমকির অভিযোগ এনে নিজের নিরাপত্তা চেয়ে সিএমপির কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন সাংবাদিক হোসাইন তৌফিক ইফতিখার।

জিডিতে বলা হয়, গত ৫ মার্চ চট্টগ্রাম সার্কিট হাউসে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে এক বৈঠক চলাকালে সংঘবদ্ধভাবে মব সৃষ্টি করে পেশাদার সাংবাদিকদের ওপর হামলার নেতৃত্ব দেন সমন্বয়ক পরিচয়দানকারী রিদুয়ান সিদ্দিকী ও তার সহযোগীরা।

ঘটনার প্রতিবাদ করায় রিদুয়ান সিদ্দিকী ও তার সহযোগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছেন এবং বিভিন্ন মাধ্যমে শারীরিক হামলার হুমকি দিচ্ছেন, যা ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

এদিকে,সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম সাংবদিক ইউনিয়ন-সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

এক বিবৃতিতে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনকারী সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলকভাবে মামলা দায়ের করা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ এবং মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার অপচেষ্টা।

অবিলম্বে এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এমন অপচেষ্টা বন্ধ না হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।