কক্সবাজারের টেকনাফে বিশ বছর বয়সী যুবক ফাইয়ছ উদ্দিন ফয়েজ হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ধুমপ্রাং বিলের বাসিন্দা মো. কামাল হোসেনের ছেলে মো. রুবেল (২১) ও একই এলাকার মৃত জাফর আলমের ছেলে মো. হাসান প্রকাশ বাংলা (২৪)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা নং-৪৯ এর জি.আর নং-২২৮, ধারা ৩০২/৩৪ পেনাল কোডে অভিযোগ দায়ের করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা ভিকটিম ফাইয়ছ উদ্দিন ফয়েজ (২০)-এর মায়ের সমিতি থেকে নেওয়ার জন্য বিশ হাজার টাকা আদায় করতে গিয়েছিল।
ভিকটিমের মা না থাকায় তারা ভিকটিমের ঘরে প্রবেশ করে। ভিকটিম আসামীদের দেখে ফেললে, তারা কুড়াল দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃত মো. রুবেল আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তি প্রদান করেছেন এবং অন্যান্য সহযোগী আসামীদের নামও প্রকাশ করেছেন। পুলিশ তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য কার্যক্রম চালাচ্ছে।
ওসি জানান, এই নৃশংস হত্যার ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত (২৬ মার্চ) বিকাল সাড়ে ৫টায় টেকনাফ সদর ইউনিয়নের ধুমপ্রাংবিল এলাকায় নিজ ঘর থেকে ফয়েজের মরদেহ উদ্ধার করে পুলিশ।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



