সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামে নতুন করে আরও একজনের শরীরে হামের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে গেলো ২৪ ঘণ্টায় আরও ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত হাম সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নতুন করে হাম শনাক্ত হওয়া রোগীটি উপজেলার বাসিন্দা।
এর ফলে জেলায় এ পর্যন্ত মোট নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। এর মধ্যে মহানগর এলাকায় ২৪ জন এবং বিভিন্ন উপজেলায় ১১ জন শনাক্ত হয়েছে।
অন্যদিকে, গেলো ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া ২১ জন রোগী সবাই চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা।
এ নিয়ে এখন পর্যন্ত জেলায় সর্বমোট ৮০ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অপরদিকে এ পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে মোট ২৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, রোগ শনাক্তের জন্য নতুন করে ২৩টি নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।
সকলকে সচেতন থাকার পাশাপাশি শিশুদের হামের টিকা নেওয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন তিনি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



