back to top

ভালো ফল চাইলে ফিরতে হবে পড়ার টেবিলে: ডিসি জাহিদ

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৬ ১১:৩৭

চট্টগ্রামে চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার মধ্যে ইংরেজি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে পড়ার টেবিলে ফিরতে হবে। কেবল পরীক্ষার হলে এসে ভালো করার আশা করলে হবে না।”

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে আনোয়ারা উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় ও আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি কর্ণফুলী উপজেলার এজে চৌধুরী স্কুল এবং ফয়জুল বারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রও পরিদর্শন করেন।

জেলা প্রশাসক বলেন, “সফলতার জন্য প্রয়োজন নিয়মিত অধ্যয়ন, সঠিক প্রস্তুতি এবং আত্মবিশ্বাস। সময়ের সঠিক ব্যবহার ছাড়া ভালো ফল সম্ভব নয়।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি বিষয়ে সাধারণত কিছুটা চাপ ও সংশয় কাজ করে। তাই তাদের মনোবল বাড়াতে এবং পরীক্ষাকেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করতে তিনি নিজেই মাঠে নেমেছেন।

তিনি বলেন, “আমরা চাই, আমাদের সন্তানরা মেধাবী হয়ে গড়ে উঠুক এবং একদিন দেশের সম্পদে পরিণত হোক।”

তাঁর এই বার্তায় যেন শুধু পরীক্ষার প্রস্তুতির কথাই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্ম গঠনের এক গভীর প্রত্যয়ের প্রতিফলনও উঠে আসে।

জেলা প্রশাসক জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর পরীক্ষাব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। লক্ষ্য একটাই—পরীক্ষা যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। তিনি বলেন, “পরীক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে।”

তিনি আরও জানান, জেলার বিভিন্ন কেন্দ্রে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। তাঁদের কাছ থেকেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার ইতিবাচক তথ্য পাওয়া গেছে।

পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জেলা প্রশাসক জানতে পারেন, তাদের প্রস্তুতি অনুযায়ী প্রশ্ন হয়েছে এবং তারা স্বস্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিচ্ছে। এতে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দীন, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কান্তি রুদ্র, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনসহ মাধ্যমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসকের বার্তা স্পষ্ট—সাফল্যের কোনো শর্টকাট নেই। অধ্যবসায়, আত্মবিশ্বাস আর নিয়মিত অনুশীলনই হতে পারে কাঙ্ক্ষিত সাফল্যের চাবিকাঠি।