back to top

চট্টগ্রামে আইস কারবারে জড়িত দুই যুবক আটক: ওমানপ্রবাসী চক্রের যোগসূত্র

প্রকাশিত: ০৫ মে, ২০২৬ ১০:৪৭

চট্টগ্রাম মহানগরীতে অভিযান চালিয়ে ১৭৫ গ্রাম ‘ক্রিস্টাল আইস’ (মেথামফেটামিন)সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগ।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ডিবি। সূত্র জানায়, সোমবার (৪ মে) সন্ধ্যায় নগরের ২ নম্বর গেটসংলগ্ন ফিনলে স্কয়ারের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এ সময় পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৭৫ গ্রাম ক্রিস্টাল আইস, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ১৭ লাখ টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সেলিমেন ছেলে মো. সাজ্জাদুল রহমান সাকিব (২৭) এবং ফটিকছড়ি লেলাং ইউনিয়নের মৃত ফজলুর রহমানের ছেলে মো. আবু ফয়সাল (২৬)।

সাকিব বর্তমানে বায়েজিদ বোস্তামী এলাকায় এবং ফয়সাল হাটহাজারীর আমানবাজারে বসবাস করেন।

ডিবি (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মো. আফতাব হোসেন বলেন, মহানগর এলাকায় বিশেষ ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফিনলে স্কয়ারের সপ্তম তলায় ‘ক্রিয়েটর্স হাব’-এর ভেতরে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেখানে অভিযান চালানো হলে দুইজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, তারা ওমানপ্রবাসী এক মাদককারবারির চক্রের মাধ্যমে এই ক্রিস্টাল আইস সংগ্রহ করে বিক্রির জন্য সেখানে অবস্থান করছিলেন।

উদ্ধারকৃত মাদকটি একটি বায়ুরোধক পলিপ্যাকের ভেতর থেকে জব্দ করা হয়।

এ ঘটনায় পাঁচলাইশ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি