back to top

মধ্যমগ্রামে রাতের অন্ধকারে গুলিবর্ষণ,শুভেন্দু অধিকারীর পিএস খুন!

প্রকাশিত: ০৬ মে, ২০২৬ ১৮:২৩

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক (পিএস) চন্দ্রনাথ রথ।

বুধবার রাতে দোহারিয়া এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে চন্দ্রনাথ রথকে বহনকারী একটি গাড়ি দুষ্কৃতীরা পিছু নেয়।

পরে মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় গাড়িটি লক্ষ্য করে অন্তত চার রাউন্ড গুলি চালানো হয়।

এতে গুরুতর আহত হন চন্দ্রনাথ। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় গাড়িতে চন্দ্রনাথের সঙ্গে আরেকজন যুবক, বুদ্ধদেব বেরা, উপস্থিত ছিলেন। তিনিও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

তাঁর অবস্থার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

চন্দ্রনাথ রথের বাড়ি পূর্ব মেদিনীপুরে হলেও তিনি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বসবাস করতেন।

বিজেপির একটি সূত্র জানায়, ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করা ‘টিম’-এর অন্যতম সদস্য ছিলেন তিনি। গুলিবিদ্ধ বুদ্ধদেব বেরাও ওই টিমের সদস্য।

এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কারা এবং কী কারণে এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি