তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস সুনয়না’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
শুক্রবার সকালে জাহাজটি বন্দরে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডারের চিফ স্টাফ অফিসার ভারতীয় জাহাজটির কমান্ডিং অফিসার, কর্মকর্তা ও নাবিকদের অভ্যর্থনা জানান।
এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি চৌকস ব্যান্ড দল ঐতিহ্যবাহী রীতিতে জাহাজটিকে আনুষ্ঠানিক স্বাগত জানায়।
অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশের জলসীমায় প্রবেশের পর ভারতীয় জাহাজটিকে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা আলী হায়দার’।
সফরকালে ‘আইএনএস সুনয়না’র কমান্ডিং অফিসার এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের নেভাল অ্যাডভাইজারের সমন্বয়ে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া সফরের অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ ঘাঁটি ও নৌযান পরিদর্শন করবেন।
তারা চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও পর্যটন কেন্দ্রও ঘুরে দেখবেন। একইভাবে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও ভারতীয় জাহাজটি পরিদর্শনের সুযোগ পাবেন।
তিন দিনের সফর শেষে আগামী ১০ মে ‘আইএনএস সুনয়না’ বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



