back to top

‘সবাইকে ডাক্তার–ইঞ্জিনিয়ার হতে হবে না, খেলাধুলাও এনে দিতে পারে বিশ্বজয়’

প্রকাশিত: ০৮ মে, ২০২৬ ১৬:২৪

চট্টগ্রামে তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেছেন, সরকার “নতুন বাংলাদেশ” গড়ার যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ তারই একটি দূরদর্শী উদ্যোগ।

শুক্রবার (৮ মে) ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর চট্টগ্রাম জেলা পর্বের সপ্তম দিনের বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর এই যাত্রা দেশের জন্য একটি উজ্জ্বল মাইলফলক। এই আয়োজনের মাধ্যমে দক্ষ, প্রত্যয়শীল ও দেশপ্রেমিক জাতি গড়ে তোলাই লক্ষ্য।

তিনি বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে সুস্থ ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে চায় প্রশাসন।

জাহিদুল ইসলাম বলেন, খেলাধুলা মানুষকে চ্যালেঞ্জ নিতে শেখায়, পরাজয় মেনে নিতে শেখায় এবং সেই পরাজয় থেকে আবার জয়ের পথে ফিরে আসার শক্তি দেয়।

তিনি বলেন, ‘একজন মানুষ সব সময় জয়ী হতে পারে না। তবে জয়ী হতে হলে প্রতিযোগিতার মনোভাব ধরে রাখতে হবে।’

তিনি আরও বলেন, সবাইকে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সরকারি কর্মকর্তা হতে হবে—এমন ধারণা সঠিক নয়। পৃথিবীতে অনেক মানুষ খেলাধুলার মাধ্যমে নিজেদের দেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করেছেন।

উদাহরণ হিসেবে তিনি ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও ডিয়েগো ম্যারাডোনার নাম উল্লেখ করেন।

জেলা প্রশাসক বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সন্তানদেরও একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে দেখতে চান তাঁরা।

আর সে জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অবিচল প্রচেষ্টা। তাঁর ভাষ্য, কঠোর পরিশ্রম ছাড়া কোনো সমাজ বা রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয়।

শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের নিজেদের স্বপ্ন অনুযায়ী বেড়ে উঠতে সহায়তা করতে হবে।

তারা কোন বিষয়ে আগ্রহী এবং কোন পথে এগোতে চায়, সেটিকে গুরুত্ব দিয়ে উৎসাহ দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

একই সঙ্গে এসব কার্যক্রম যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল ধারায় সম্পৃক্ত রাখতে সহায়তা করে।

এদিন সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অ্যাথলেটিক্স, সিজেকেএস মিলনায়তনে দাবা, সিজেকেএস জিমনেসিয়ামে মার্শাল আর্ট এবং সিজেকেএস সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে জেলা স্টেডিয়ামে চারটি ইভেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী।

অ্যাথলেটিক্সের ১০০ মিটার দৌড়ে বালক বিভাগে বায়েজিদ থানার মোহাম্মদ জাওয়াদ কাদের এবং বালিকা বিভাগে ফটিকছড়ি উপজেলার প্রেমা চৌধুরী প্রথম হয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর দ্রুততম বালক ও বালিকার গৌরব অর্জন করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে মেডেল ও সনদ বিতরণ করেন।

এদিকে প্রতিযোগিতার ফুটবল ও ক্রিকেটের বালক-বালিকা বিভাগের ফাইনাল শনিবার সকালে অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফুটবলের ফাইনাল এবং সাগরিকা মহিলা কমপ্লেক্স ও সাগরিকা আন্তর্জাতিক স্টেডিয়ামসংলগ্ন মাঠে ক্রিকেটের ফাইনাল হওয়ার কথা রয়েছে।

ফাইনাল শেষে জেলা স্টেডিয়ামে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি