back to top

গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রামের আবাসন সমিতির এজিএম বন্ধ

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১৬:৩৯

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবাসন প্রতিষ্ঠান দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।

গত ১১ মে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিট পিটিশন নম্বর ৬০১০/২০২৬-এর শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৬ মে শনিবার নির্ধারিত এজিএম আয়োজনসহ সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

ফলে নির্ধারিত তারিখে সভা আয়োজন বা এতে অংশগ্রহণ আইনত নিষিদ্ধ হয়ে পড়েছে।

রিট আবেদনে অভিযোগ করা হয়, সমিতির উপ-আইনের ১৫.২(১) ও ১৬.৭(গ) ধারা অনুযায়ী বার্ষিক সাধারণ সভা আহ্বানের ক্ষমতা কেবল নির্বাচিত সম্পাদক বা নির্বাহী কর্মকর্তার।

কিন্তু এসব বিধান উপেক্ষা করে সভাপতির একক সিদ্ধান্তে এজিএমের নোটিশ জারি করা হয়।

সমিতির নির্বাচিত সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দিন বলেন, প্রতিষ্ঠার ৭৫ বছরের ইতিহাসে সম্পাদকের স্বাক্ষর ছাড়া এজিএম ডাকার কোনো নজির নেই। সভাপতির এ পদক্ষেপ গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন এবং একতরফা সিদ্ধান্ত।

আদালতের এই আদেশের ফলে গত ৩০ এপ্রিল দৈনিক পূর্বকোণ পত্রিকায় প্রকাশিত এজিএমের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত হয়েছে।

একই সঙ্গে সমবায় অধিদপ্তরের ৪ মে জারি করা একটি মেমোও অকার্যকর হয়ে পড়েছে।

ব্যারিস্টার সজল মল্লিক স্বাক্ষরিত লয়ার সার্টিফিকেটের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে।

৪৪ ডিএলআর (এডি) ২১৯-এর আইনি নজির অনুযায়ী উচ্চ আদালতের এই স্থগিতাদেশ সংশ্লিষ্ট সবার জন্য বাধ্যতামূলক।

আদালতের নির্দেশনার খবরে সমিতির সাধারণ সদস্যদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেক সদস্য একে গঠনতান্ত্রিক শাসন ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

সমিতির সম্পাদক মুহাম্মদ সাইফুদ্দিন জানান, আদালতের আদেশের অনুলিপি হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি