রাজধানীতে সুফী কনফারেন্স ঘিরে বড় রূপরেখা: চট্টগ্রামে সুফিবাদী ঐক্য ফোরামের বিশেষ সভা

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ২০:১৪

আসন্ন পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে বিশেষ গোলটেবিল বৈঠক এবং আগামী অক্টোবরে জাতীয় রাজধানী ঢাকায় ঐতিহাসিক ‘সুফী কনফারেন্স’ বাস্তবায়নের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চট্টগ্রাম থেকে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতিমূলক যাত্রা শুরু করেছে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম।

আজ ২৯ জুলাই (সোমবার) বিকেলে চট্টগ্রামের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এক প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ প্রস্তুতি সভায় এই সুদূরপ্রসারী সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়।

সংগঠনের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক নূর মুহাম্মদ রানার সভাপতিত্বে আয়োজিত এ সভায় সঞ্চালকের গুরুদায়িত্ব পালন করেন সংগঠনের মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন।

সভায় সুফিবাদী চিন্তাধারা প্রসারে আগামী দিনের কর্মপরিকল্পনা ও কৌশলগত বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক ও নির্দেশনামূলক আলোচনায় অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

এতে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাংবাদিক এস এম বরকত আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ মুছা, হালদা গবেষক মুহাম্মদ হারুন পাশা, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ সোহেল, সাংবাদিক নাজিম উদ্দিন মিয়াজী, মুহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) স্মরণে চট্টগ্রামে সুফিবাদী আলেম, গবেষক ও সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিশেষ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে।

একই সাথে, আগামী অক্টোবরে রাজধানীতে আয়োজিতব্য ‘জাতীয় সুফী কনফারেন্স’কে সফল ও স্মরণীয় করে তুলতে সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করা হয়।

সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল স্তরের দায়িত্বশীল, সুফিপ্রেমী ও সাধারণ জনগণকে এখন থেকেই নিজ নিজ জায়গা থেকে আগাম প্রস্তুতি গ্রহণ করার জন্য বিশেষভাবে উদাত্ত আহ্বান জানানো হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, শান্তি, সাম্য ও মানবতার বার্তা ছড়ানোই হবে এই সুফী কনফারেন্সের মূল শক্তি।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি