লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬ ২২:৫৮

লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। এই মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান বাংলাবাজার প্রাইমারি স্কুলের পূর্ব পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হল যথাক্রমে উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকার মাওলানা ইউনুছের কন্যা আমেনা আক্তার (১১) ও আয়শা বেগম (১০)। তারা পরিবারের সঙ্গে পশ্চিম কলাউজানের খালাসীপাড়ার ভাড়া বাসায় থাকত।

কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম ভোট্টু জানান, পশ্চিম কলাউজান শাহ্ মজিদিয়া হেফজখানার শিক্ষক হাফেজ ইউনুছ চাকরির সুবাদে পরিবার নিয়ে খালাসীপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

শনিবার দুপুরের পর দুই বোন বাড়ির অদূরে পাশে একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।

পরে আসরের সময় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে নামলে পানির নিচে তার পায়ে একটি শিশুর দেহ লাগে।

বিষয়টি বুঝতে পেরে দ্রুত দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে গিয়ে আর শেষ রক্ষা হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি/রায়হান