back to top

উখিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ রোহিঙ্গা নারী-যুবক আটক

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫ ০৪:৫৯

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে ১ লাখ ২২ হাজার ৪৬৩ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব-১৫, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ১০ নম্বর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ডি/১১ এলাকায় র‌্যাব-১৫ ও ডিজিএফআইয়ের অভিযানে মৃত আইয়ুবের স্ত্রী দিলবাহার (৫০) আটক হন।

তার ঘর থেকে ১ লাখ ১২ হাজার ৪৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুত হচ্ছে।

র‌্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সীমান্তবর্তী জেলা হওয়ায় কক্সবাজারে মাদক চোরাচালান বেশি। র‌্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে এসব প্রতিরোধে কাজ করছে।

একই রাতে ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি এলাকায় ৮ এপিবিএন অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ মো. আয়াস নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে।

৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ আহমেদ জানান, রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান তাদের নিয়মিত কার্যক্রমের অংশ। আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অল্প সময়ের ব্যবধানে দুই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হওয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাদক চক্রের সক্রিয়তা আবারও সামনে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এসব অভিযান চলমান থাকবে।